আমেরিকার দুই সাঁতারু ও আন্তর্জাতিক অলিম্পিক কমিটির এক শীর্ষ কর্মকর্তাকে আটক করার ঘটনায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে রিও অলিম্পিকে।
বিমানে করে রিও ত্যাগ করার সময় জ্যাক কংগার ও গানার বেন্তজকে একটি ছিনতাইয়ের বিষয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য রিও কর্তৃপক্ষের নির্দেশে বিমান থেকে নামিয়ে আনে ব্রাজিলীয় পুলিশ।
এর আনুমানিক এক ঘণ্টা আগে কালো বাজারে টিকিট বিক্রি সংক্রান্ত বিষয়ে তদন্তের জন্য আন্তর্জাতিক অলিম্পিকের শীর্ষ কর্মকর্তা প্যাট্রিক হিসকিকে গ্রেপ্তার করে পুলিশ।রবিবার সকালে কংগার ও বেন্তজের সঙ্গে মার্কিন তারকা সাঁতারু রায়ান লোকটে ও দলটির সদস্য জেমস ফেইজেনকে ছিনতাইকারীরা বন্দুক তাক করে রেখেছিল বলে অভিযোগ করেছেন তারা।
এদিকে ব্রাজিলীয় বিচারক কেইলা ব্লাংক চারজনের পাসপোর্ট জব্দের নির্দেশ দেন যাতে তারা ব্রাজিল ছেড়ে যেতে না পারে। যদিও লোকটে ইতোমধ্যে নিজ দেশে পৌঁছে গেছেন। ঘটনার একটি ভিডিও চিত্র অনলাইনে প্রকাশ করে দি গ্লোবাল মিডিয়া অর্গানাইজেশন। এতে দেখা যায় কংগার ও বেন্তজ একটি পুলিশ স্টেশনে পায়চারি করছেন।
গ্লোবের নিউজ সাইট জি ওয়ান নিউজের রিপোর্টে বলা হয়েছে ২০ বছর বয়সী বেন্তজ ও ২১ বছর বয়সী কংগারকে জেরার জন্য রিমান্ডে নেয়া হয়েছে। ২৬ বছর বয়সী ফেইজেনকেও দেশ ছেড়ে যেতে দেয়া হয়নি।
লোকটে জানান, একদল ছিনতাইকারী এই চারজনকে আটকে রাখে। পরে পুলিশ আসায় ভোর চারটার পর তাদের ছেড়ে দেয়। এসময় ছিনতাইকারীরা তাদের মাথায় অস্ত্র ঠেকিয়ে কিভাবে তাদের টাকা ও মানিব্যাগ ছিনতাই করে নিয়ে যায় তার বর্ণনা দেন লোকটে।
ইত্তেফাক/এসএস
