অনুমোদনহীন ব্যানার তোরণ অপসারণে হাইকোর্টের নির্দেশ

আপডেট : ১৯ আগস্ট ২০১৬, ০৯:৩৭
 
রাজধানীতে অননুমোদিত সকল পোস্টার, ব্যানার ও তোরণ অপসারণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একইসঙ্গে দেয়াল লিখনও মুছে ফেলতে বলা হয়েছে। আগামী ২২ আগস্টের মধ্যে এগুলো অপসারণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনকে বলেছে আদালত। এক আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের ডিভিশন বেঞ্চ এই আদেশ দেন। গতকাল বৃহস্পতিবার এই আদেশের অনুলিপি প্রকাশিত হয়েছে বলে জানান সিটি করপোরেশনের আইনজীবী মো. শাহজাহান।
 
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) এক আবেদনের পরিপ্রেক্ষিতে ২০১২ সালের ১৮ মার্চ হাইকোর্ট এক আদেশে অননুমোদিত সকল পোস্টার, ব্যানার ও তোরণ অপসারণের নির্দেশ দেয়। একই সঙ্গে রুল জারি করে। গত ১৪ আগস্ট ওই রুল শুনানির জন্য হাইকোর্টে আসে।