প্রশ্রাব করার জেরে গুলি, গ্রেফতার-লাইসেন্সকৃত পিস্তল জব্দ

আপডেট : ১৯ আগস্ট ২০১৬, ১২:৫৬
রাজধানীর ওয়ারীতে কথা কাটাকাটির জের ধরে এক ব্যক্তি তার লাইসেন্সকৃত পিস্তল দিয়ে এক ব্যবসায়ীকে গুলি করেছেন। গুলিবিদ্ধ ব্যবসায়ীর নাম আব্দুল আজিজ (৫০)। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
 
বৃহস্পতিবার রাত ১০টার দিকে ওয়ারীর টিপু সুলতান রোডের জোড়পুল এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ কমলাপুর রেলস্টেশন থেকে পালানোর সময় আদিল আহমেদকে গ্রেফতার করেছে। তার কাছ থেকে ৫ রাউন্ড গুলি ভর্তি একটি লাইসেন্সকৃত পিস্তল উদ্ধার করা হয়েছে।
 
ঘটনার বর্ণনা দিয়ে ওয়ারী থানার ওসি জিহাদ হোসেন জানান, টিপু সুলতান রোডে বিসমিল্লাহ ওয়ার্কশপের মালিক আব্দুল আজিজ রাত ১০টার দিকে তার ওয়ার্কশপ বন্ধ করে ২-জোড়পুল এলাকার বাড়িতে ফেরার জন্য হেঁটে রওনা দেন। পথিমধ্যে রাস্তার পাশে নর্দমায় তিনি প্রস্রাব করছিলেন। এসময় ৬-জোড়পুল লেনের বাড়ির মালিক আদিল আহমেদ বের হয়ে সেখানে প্রস্রাব করার প্রতিবাদ করেন। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আদিলের সঙ্গে থাকা লাইসেন্সকৃত পিস্তল দিয়ে ১ রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যান। আজিজের তলপেটে গুলিবিদ্ধ হয়। ঘটনার পর পুলিশ রাত ১১টার দিকে কমলাপুর রেলস্টেশন থেকে আদিল আহমেদকে গ্রেফতার করে। 
 
 
ইত্তেফাক/এমআই