প্রথমবারের মতো অলিম্পিক হকিতে আর্জেন্টিনার স্বর্ণ

আপডেট : ১৯ আগস্ট ২০১৬, ১৩:০৬
প্রথমবারের মতো অলিম্পিকে ছেলেদের হকি ইভেন্টে স্বর্ণ জিতলো আর্জেন্টিনা। শুক্রবার ফাইনালে বেলজিয়ামের বিপক্ষে পিছিয়ে থেকেও ৪-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টাইনরা।
 
এদিন ব্রাজিলের রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত গোল্ড মেডেল ম্যাচে তিন মিনিটেই বেলজিয়ামকে লিড এনে দেন তাঙ্গাই কোসিন্স। তবে প্রথম দু’টি কোয়ার্টারের (প্রথমার্ধে) মধ্যেই তিন গোলে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় আর্জেন্টিনা। অধিনায়ক পেদ্রো ইবারা, ইগনাসিও ওরটিজ ও গঞ্জালো পেইলাত নৈপুণ্যে ৩-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় সাদা-আকাশি জার্সিধারীরা।
তৃতীয় কোয়ার্টারের শেষ মুহূর্তে বেলজিয়ামের হয়ে একটি গোল পরিশোধ করেন গুতিয়ের বোকার্ড। ম্যাচেও যোগ হয় বাড়তি উত্তেজনা।
 
তবে বেলজিয়ানদের আর সমতায় ফেরা হয়নি। নির্ধারিত সময়ের শেষ মিনিটে প্রতিপক্ষের কফিনে শেষ পেরেক ঠুকেন অগাস্টিন মাজ্জিলি। আর্জেন্টিনাও মেতে উঠে শিরোপা উল্লাসে।
 
ম্যাচের শুরুতেই এগিয়ে থেকেও শেষ পর্যন্ত রুপা জিতেই সন্তুষ্ট থাকতে হয় বেলজিয়ামকে। অলিম্পিক ইতিহাসে এটিই অবশ্য তাদের সর্বোচ্চ অর্জন। এর আগে ১৯২০ গেমসে তারা ব্রোঞ্জ জিতেছিল।
অন্যদিকে, কখনোই সেমিফাইনাল না খেলা আর্জেন্টিনা পেল স্বর্ণের স্বাদ।
 
ইত্তেফাক/এমএইচ