‘আগামী বছরেই খুলনা-কোলকাতা ট্রেন চলাচল শুরু’

আপডেট : ১৯ আগস্ট ২০১৬, ১৫:১৪
ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, আগামী বছরের শুরুতেই খুলনা-কোলকাতা রুটে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু করবে। সেই লক্ষে আমরা কাজ করে যাচ্ছি। বেনাপোল পেট্রপোল ব্যবসায়ীদের জন্য একটি উপযুক্ত পয়েন্ট। বেনাপোল বন্দর দিয়ে উভয় দেশের ট্রেডকে সুসংহত করতে উভয় দেশ একসঙ্গে কাজ করছে। বাংলাদেশি ছোট বড় সব ধরনের ব্যবসায়ীদের ৫ বছরের ভিসা প্রদান করা হবে অচিরেই। 
 
বেনাপোল সিএন্ডএফ এজেন্টস অ্যাসোশিয়েশন ব্যবসায়ীদের সঙ্গে আজ শুক্রবার দুপুরে অ্যাসোশিয়েশন মিলনায়তনে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। 
 
সভায় দু দেশের বন্দরে বিরাজমান বিভিন্ন সমস্যা তুলে ধরে বক্তব্য রাখেন, অ্যাসোশিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন, ও সাধারণ সম্পাদক এমদাদুল হক লতা।
  
পরে তিনি বেনাপোল রেলওয়ে স্টেশন, ও কাস্টমস চেকপোস্টে , ইমিগ্রেশন ও আইসিপি চেকপোস্ট পরিদর্শন করেন। সে সময় তার সঙ্গে ছিলেন, দূতাবাসের ফাস্ট সেক্রেটারি রাজেস উকাই, সেকেন্ড সেক্রেটারি শিশির কুঠারি, রেলওয়ে অ্যাডভাইজার দিবেনজন রায়, বাংলাদেশ স্থল বন্দরের চেয়ারম্যান তপন চক্রবর্তী, কাস্টমস কমিশনার জামাল হোসেন, অতিরিক্ত কমিশনার ফিরোজউদ্দিন, যুগ্মকমিশনার মুস্তাফিজুর রহমান, বন্দরের পরিচালক নিতাই চন্দ্র ও শার্শা উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালাম।
 
চেকপোস্ট পরিদর্শন শেষে তিনি বেনাপোলের ওপরে ভারতীয় ইন্টিগ্রেটেডে চেকপোস্টে বন্দর ও কাস্টমস স্টেশনে যান। সেখানে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান, ভারতীয় কাস্টমসের সহকারী কমিশনার প্রলামা।    
বেনাপোল বন্দর, চেকপোস্ট, রেলস্টেশনসহ তিনি যেখানে যেখানে পরিদর্শন করেন সেখানে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়।