সেই হাতিটির কংকাল জাদুঘরে সংরক্ষণের উদ্যোগ

আপডেট : ১৯ আগস্ট ২০১৬, ১৭:৪১
 
সরকারের অনুমতি পেলে অতিথি বুনো হাতি ‘বঙ্গবাহাদুরের’ কংকাল জাতীয় জাদুঘরে সংরক্ষণ করা হবে। শুক্রবার জামালপুরের সরিষাবাড়ি উপজেলার কয়ড়া গ্রামে বঙ্গবাহাদুরকে সমাহিত করার স্থান পরিদর্শনকালে জাদুঘরের তিন সদস্যের একটি প্রতিনিধি দল এ কথা জানায়।
 
প্রতিনিধি দলে ছিলেন জাদুঘরের সহকারী কিপার শওকত ইমাম খান, সহকারী কিপার গোলাম কাউছার এবং মালি শরাফত হোসেন।
 
হাতিটিকে কয়রা গ্রামে সমাহিত করা হয়েছে। আসাম থেকে পাহাড়ি ঢলে ভেসে আসা এই হাতি ৪৯ দিন বাংলাদেশে বিভিন্ন জেলায় ঘরে বেড়ানোর পর জামালপুরের সরিষাবাড়ির কয়ড়া গ্রামে মঙ্গলবার সকালে মারা যায়। ওইদিনই বনবিভাগ ময়নাতদন্ত শেষে কয়ড়া গ্রামে তাকে মাটিচাপা দেয়।
 

সরিষাবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইয়েদ এ জেড মোর্শেদ আলী জানান, কেউ যাতে তুলে ফেলতে না পারে সেজন্য সরিষাবাড়ি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে হাতিটিকে সমাহিত করার স্থান পাহারার ব্যবস্থা করা হয়েছে।