আবারও বিশ্বের সেরা অ্যাথলেট ইটন

আপডেট : ১৯ আগস্ট ২০১৬, ২০:৩৮
আবারও ‘বিশ্বের সেরা অ্যাথলেট’ খেতাব জিতে নিলেন অ্যাশটন ইটন। অলিম্পিকে ডেকাথলনের স্বর্ণ জিতেছেন যুক্তরাষ্ট্রের এই অ্যাথলেট। অলিম্পিক ইতিহাসে তৃতীয় অ্যাথলেট হিসেবে টানা দুটি স্বর্ণ জিতলেন ২৮ বছর বয়সী ইটন। রিওতে নারীদের হেপটাথলনে ব্রোঞ্জ জিতেছিলেন তার কানাডিয়ান স্ত্রী ব্রিয়ান টাইসেন-ইটন।
 
১০০ মিটার স্প্রিন্ট, ১১০ মিটার হার্ডলস, ৪০০ মিটার দৌড়, ১ হাজার ৫০০ মিটার দৌড়, লং জাম্প, হাই জাম্প, ডিসকাস থ্রো, জ্যাভেলিন থ্রো, শট পুট ও পোল ভোল্ট  ট্র্যাক অ্যান্ড ফিল্ডের এই দশটি ডিসিপ্লিন মিলিয়ে পয়েন্টের হিসেবে সেরা নির্ধারণ করা হয়। স্বর্ণ জয়ীকে তাই ধরা হয় বিশ্বের সেরা অ্যাথলেট হিসেবে। পোল ভল্ট ও জ্যাভেলিন থ্রোতে ভালো করে ইটনকে চ্যালেঞ্জ জানানো ফ্রান্সের কেভিন মায়ার পেয়েছেন রৌপ্য। 
 
আর ইটনকে ১০০ মিটার দৌড় আর ১১০ মিটার হার্ডলসে পেছনে ফেলা কানাডার ড্যামিয়েন ওয়ার্নার জিতেছেন ব্রোঞ্জ। মোট ৮ হাজার ৮৯৩ পয়েন্ট নিয়ে অলিম্পিক রেকর্ড স্পর্শ করেন ইটন। ১০টি ইভেন্টের মধ্যে তিনি লং জাম্প আর ৪০০ মিটার দৌড়ে প্রথম হন। ১০০ মিটার স্প্রিন্ট ও ১১০ মিটার হার্ডলসে ওয়ার্নারের পেছনে থেকে দ্বিতীয় হন তিনি।
 
ইত্তেফাক/এসএসএ