ফটিকছড়িতে বিদেশি পিস্তলসহ যুবক আটক

আপডেট : ২০ আগস্ট ২০১৬, ০১:৩৮
 
রামগড়ের পার্শ্ববর্তী ফটিকছড়ির হেয়াকোতে বিদেশি পিস্তলসহ নাজমুল হাসান (২২) নামে এক যুবককে আটক করেছে বিজিবি সদস্যরা। শুক্রবার রাত ৯টায় ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার দাঁতমারা রাবার বাগানের ইসলামপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
 
এ সময় তার কাছ থেকে চীনের তৈরি 'এসএম-০.৬.১.৩৫৭' মডেলের একটি পিস্তল ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। রামগড় ১৬ বিজিবি'র হেয়াকো বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার মো. মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
 
তিনি বলেন শুক্রবার রাত আনুমানিক ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির টহল দল রাবার বাগান এলাকা থেকে নাজমুল হোসেনকে অস্ত্র ও গুলিসহ আটক করতে সক্ষম হয়।
 
বিজিবির কোম্পানি কমান্ডার জানান, সে অবৈধ অস্ত্র ব্যবসায়ী। এটি বিক্রি করতে ক্রেতাদের সঙ্গে ওই রাবার বাগানে সে দরকষাকষি করছিল। এ সময় বিজিবির আগমন টের পেয়ে ৩/৪ জন দৌড়ে পালিয়ে গেলেও নাজমুলকে অস্ত্রসহ ধরে ফেলে বিজিবির সদস্যরা।
 
নাজমুল ঐ এলাকার আবদুচ ছালাম সওদাগরের ছেলে বলে জানা গেছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।