অনেকদিন ধরেই অমিতাভ রেজা পরিচালিত ‘আয়নাবাজি’ চলচ্চিত্রটি মুক্তির কথা চলছিল। শেষ পর্যন্ত গতকাল ছবিটি মুক্তির তারিখ ঘোষণা করা হলেও মুক্তি পেল না ছবিটি। আরো মুক্তির সময় পেছানো হলো ছবিটির।
আর এর কারণ হিসেবে পরিচালক অমিতাভ রেজা বলেন, ‘১৯ আগস্টে এটি মুক্তির ঘোষণা ছিল। আমরা সেভাবে প্রস্তুত ছিলাম। কিন্তু একটি ছবি মুক্তির আগে দেশের অবস্থাটা চিন্তা করা জরুরি। কারণ এর সাথে ব্যবসায়িক বিষয়টি সম্পৃক্ত। সেই জায়গা থেকে আমাদের দেশের এখনকার পরিস্থিতি ভালো না। প্রাকৃতিক দুর্যোগ বন্যার কারণে ঢাকার বাইরে অনেক অঞ্চলের অবস্থা খারাপ। এখন ছবিটি মুক্তি দিলে সেই সব অঞ্চলগুলোতে ছবিটি মুক্তি দেওয়া সম্ভব হবে না। তবে শিগগিরই আরো একটি তারিখ নির্ধারণ করে ছবিটি মুক্তি দেওয়া হবে। আমরা পরিকল্পনা করছি কোরবানির ঈদের ঠিক পরপরই সারাদেশে মুক্তি দেওয়ার। তবে এর আগে ছবির গানগুলো প্রকাশের চিন্তা করছি আমরা।’
এই ছবিটির মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয়েছে নাবিলার। এছাড়াও ছবিতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, পার্থ বড়ুয়া, লুত্ফর রহমান জর্জ, শওকত ওসমান, বিজরী বরকতউল্লাহ, বৃন্দাবন দাসসহ অনেকে।
‘আয়নাবাজি’ ছবির গল্প লিখেছেন গাওসুল আলম শাওন। পাশাপাশি এই ছবিতে অভিনয়ও করেছেন তিনি।
