যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প কৃষ্ণাঙ্গদের কাছে ভোট চেয়েছেন। আফ্রিকান-আমেরিকানদের কাছে ভোট চাইতে গিয়ে তিনি বলেছেন, আপনাদের হারানোর কি আছে?
শুক্রবার মিশিগানের এক সমাবেশে বক্তৃতা দেন ট্রাম্প। অবশ্য সমাবেশে শ্রোতাদের প্রায় সবাই ছিলেন শেতাঙ্গ। সেখানে ট্রাম্প বলেন, কৃষ্ণাঙ্গ ভোটাররা দারিদ্র্যের মধ্যে বসবাস করছে। তাদের স্কুলগুলোও ভাল নয়।
তিনি বলেন, কৃষ্ণাঙ্গদের অবস্থার উন্নতি করতে ডেমোক্রেটিক দল ব্যর্থ হয়েছে। কিন্তু তিনি এই অবস্থার উন্নতি করবেন।
ডেমোক্র্যাটদের সমালোচনা করে রিপাবলিকান দলের এই প্রার্থী বলেন, আপনারা যদি একই লোকদের ভোট দেন, তাহলে তো আপনারা একই ফলাফল পাবেন।
IMG0
প্রতিদ্বন্দ্বী হিলারির সমালোচনা করে ট্রাম্প বলেন,শরণার্থীদের পরিবর্তে তার একজন বেকার কৃষ্ণাঙ্গ যুবকের চাকরির ব্যবস্থা করা উচিত, যারা নিজ দেশে শরণার্থীর মতো জীবনযাপন করছে।
এসময় তিনি দাবি করেন, ২০২০ সালে দ্বিতীয় বারের মতো নির্বাচন করলে দিনি আফ্রিকান-আমেরিকান ৯৫ শতাংশ ভোট পাবেন।
এক জনমত জরিপে দেখা গেছে, মাত্র ২ শতাংশ কৃষ্ণাঙ্গ ট্রাম্পকে সমর্থন করে।
কিছুদিন আগেই পুলিশের গুলিতে এক কৃষ্ণাঙ্গ হত্যার ঘটনায় সমর্থন দিয়েছিলেন ট্রাম্প। এখন ভোট পেতে নিজের বোল পাল্টাচ্ছেন তিনি।
