ফেসবুকে একটি দাতব্য পোস্ট শেয়ার করার অভিযোগে দুবাইয়ে স্কট রিচার্ডস নামে এক ব্রিটিশকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। ৪২ বছর বয়সী ওই ব্যক্তি অস্ট্রেলিয়ারও নাগরিক।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, স্কট রিচার্ডস নামে ব্রিটেন ও অস্ট্রেলিয়া উভয়দেশের নাগরিকত্ব থাকা ওই ব্যক্তি আফগানিস্তানের শরণার্থীদের জন্য কম্বল ও তেরপল কেনার লক্ষ্যে একটি দাতব্য পোস্ট তার ফেইসবুক বন্ধুদের দৃষ্টি আকর্ষণের জন্য শেয়ার করেছিলেন।
তাকে ২২দিন আটক রাখার পর অনুমতি ছাড়া তহবিল সংগ্রহের অভিযোগ আনা হয়েছে। নতুন কঠোর আইনের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতে নিবন্ধিত নয় এমন কোনো দাতব্য সংস্থার হয়ে যে কোনো ধরনের কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে।
এদিকে ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তারা ওই ব্যক্তিকে ‘সহায়তা দিয়ে যাচ্ছে’।
গত বছর থেকে দুবাইয়ে ইসলামিক অ্যাফেয়ার এবং দাতব্য কর্মকাণ্ড বিষয়ক বিভাগ থেকে পূর্বানুমতি ছাড়া দান কিংবা তহবিল সংগ্রহের প্রচারণা চালানো নিষিদ্ধ করা হয়েছে। এই নিষেধাজ্ঞা কিংবা আইন অমান্যকারীরে দুইমাস থেকে এক বছর পর্যন্ত কারাদণ্ড এবং সর্বোচ্চ ২৭ হাজার মার্কিন ডলার সমপরিমাণ আর্থিক দণ্ডে দণ্ডিত করার বিধান রাখা হয়েছে।
আফগানিস্তানের শরণার্থীদের নিয়ে কাজ করা একটি মার্কিন দাতব্য সংস্থার জন্য ক্ষুদ্র তহবিল গড়ে তোলার লক্ষ্যে চালানো একটি প্রচারণা সামাজিক যোগাযোগ মাধ্যমে রিচার্ডস শেয়ার করেছিলেন বলে পুলিশ নিশ্চিত হয়েছে।
