পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীন সদ্য বিলুপ্ত ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের কর্মকর্তা কর্মচারীদের পল্লী সঞ্চয় ব্যাংকে স্থায়ী নিয়োগের দাবিতে শনিবার সকালে নোয়াখালী প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ করে পল্লী সঞ্চয় ব্যাংকের মাঠ সহকারী কল্যাণ পরিষদ জেলা শাখা।
মানববন্ধনে একটি খামার প্রকল্পের কর্মকর্তা কর্মচারীরা ও তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন। এ সময় বক্তব্য রাখেন জেলা সমন্বয়কালী পরিষদের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, ফিল্ড সুপারভাইজার পরিষদের সভাপতি ইকবাল হোসেন, মাঠ সহকারী কল্যাণ পরিষদের সভাপতি আবদুল আউয়াল শামীম, সাধারণ সম্পাদক শাহেদ কামাল সিদ্দিক, প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, একটি বাড়ি একটি খামার প্রকল্পের মাধ্যমে পল্লী দারিদ্র্য বিমোচনে ব্যাপক অবদান রাখে। গত ৩০ জুন সরকার প্রকল্পটি বিলুপ্ত করে ১ জুলাই থেকে প্রকল্পের সকল দায়, সম্পদ ও জনবল পল্লী সঞ্চয় ব্যাংকে স্থানান্তর করে। কিন্তু প্রকল্পের কর্মকর্তা কর্মচারীদের অদ্যাবধি পল্লী সঞ্চয় ব্যাংকে স্থায়ী নিয়োগ দেয়া হয়নি। যার কারণে কর্মকর্তা কর্মচারীরা অনিশ্চয়তার মধ্যে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। তাদের দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
অন্যদিকে একই সমায় রামপল বিদ্যুত প্রকল্প বাতিল ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির পাঁয়তারার প্রতিবাদে জেলা শহরের টাউনহল মোড়ে মানববন্ধন ও সমাবেশ করে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুত-বন্দর রক্ষা জাতীয় কমিটি।
শনিবার সকালে জেলা শহরের টাউন হল মোড়ে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এ সময় বক্তব্য রাখেন অ্যাভোকেট মোল্লা হাবিবুর রাছুল, আনম জাহের উদ্দিন, জাফর উল্ল্যাহ বাহার ও দলিলের রহমান দুলাল প্রমুখ।
