শাহজাদপুরে তাঁত শ্রমিকের মরদেহ উদ্ধার

আপডেট : ২০ আগস্ট ২০১৬, ১৪:৩৬
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় নয়ন হোসেন (২০) নামে এক তাঁত শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুর ১২টার দিকে উপজেল‍ার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের কুমির বোয়ালিয়া গ্রামের নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের আবু সাইদের ছেলে।
 
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নয়ন হোসেনের স্ত্রী নাসিমা খাতুনকে আটক করা হয়েছে।
 
পুলিশ জানায়, ৭ মাস আগে নয়ন পাশের নগরডোলা গ্রামের আব্দুল মজিদের মেয়ে নাসিমা খাতুনকে বিয়ে করেন। বিয়ের পর থেকে তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। শুক্রবার রাতেও তাদের কথা কাটাকাটি হয়।
 
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মনিরুল ইসলাম জানান, সকালে ঘরের ভেতর নয়ন হোসেনের মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে সদর হাসপাত‍াল মর্গে পাঠায়। ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
 
তিনি আরো জানান, ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিষয়টি জানা যাবে। এ ঘটনায় মৃতের পরিবারের পক্ষ থেকে মামলা করা হবে।