আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, 'ব্যক্তি ও পরিবারের বিরুদ্ধে নয় বরং স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বারবার হত্যার চেষ্টা করা হয়েছে।'
শনিবার রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে আওয়ামী যুবলীগ আয়োজিত আলোচনা সভা ও আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিল্পকলা একাডেমীর ৬নং গ্যালারীতে ২১ই আগস্ট গ্রেনেড হামলায় আহত ও নিহতদের স্মরণে এই চিত্রপ্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দেশ রক্ষায় সবাই কে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানিয়ে আমির হোসেন আমু বলেন, 'এ হত্যাকাণ্ড গুলো কিন্তু কোন ব্যক্তি, গোষ্ঠী বা পরিবারের বিরুদ্ধে নয়। এ সবগুলো হত্যাকাণ্ড বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে। দেশকে আবারও পাকিস্তান বানানোর জন্যই এ হত্যাকাণ্ড।'
আওয়ামী যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে সভায় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহি উদ্দিন মহি, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক আতিক প্রমুখ বক্তব্য রাখেন। খবর-বাসস।
ইত্তেফাক/এসএস
