পলাশবাড়ীতে গৃহবধূকে পিটিয়ে হত্যার দায়ে স্বামী গ্রেপ্তার

আপডেট : ২০ আগস্ট ২০১৬, ১৯:২৫
গাইবান্ধার পলাশবাড়ীতে ফেরেজা বেগম (৪০) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী মোমিন আলী (৫৫) আলীকে পুলিশ গ্রেপ্তার করেছে।
 
শনিবার দুপুরে উপজেলার হোসেনপুর ইউনিয়নের মধ্য রামচন্দ্রপুর গ্রাম থেকে গৃহবধূর লাশ উদ্ধার ও  স্বামীকে গ্রেপ্তার করা হয়।
 
গ্রেফতারকৃত মোমিন আলী ওই গ্রামের মৃত বাচ্চা মিয়ার ছেলে।
 
পলাশবাড়ী থানার সহকারী উপ-পরিদর্শক (এ এস আই) ফজির আলী জানান, শুক্রবার দিনগত রাতে পারিবারিক কলহের জের ধরে স্ত্রী ফেরেজাকে মারপিট করে। এতে ঘটনাস্থলেই মারা যান ফেরেজা। ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহের লক্ষ্যে ফেরেজার মুখে বিষ ঢেলে দিয়ে বিষয়টি আত্মহত্যা বলে চালানোর অপচেষ্টা চালায় স্বামীসহ পরিবারের সদস্যরা।
 
তিনি আরো জানান, নিহতের শরীরে মারপিটের চিহ্ন রয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা আধুনিক হাসপাতালের মর্গে পাঠানোর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে ।
 
পলাশবাড়ী থানার ওসি মজিবুর রহমান জানান, শনিবার সকাল ১১টার দিকে খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়। এসময় ওই গ্রামের একটি পুকুরে কচুরি পানার মধ্যে লুকিয়ে থাকা অবস্থায় স্বামী মোমিন আলীকে গ্রেপ্তার করা হয়।
 
তিনি আরো জানান, এ ঘটনায় নিহত গৃহবধূর বড় ভাই আইয়ুব আলী বাদী হয়ে একটি হত্যা মামলা (নং-১৬, তাং-২০/০৮/১৬) দায়ের করেছেন।