বঙ্গোপসাগরে নিখোঁজ হওয়া বাংলাদেশি জেলেদের উদ্ধারে কাজ করছে নৌবাহিনীর পাঁচটি জাহাজ ও একটি টহল বিমান। নৌবাহিনী জাহাজ ‘অনুসন্ধান’ কুয়াকাটার দক্ষিণে, ‘কপোতাক্ষ’ ও ‘কর্ণফুলী’ হিরণপয়েন্ট এবং তত্সংলগ্ন এলাকায় উদ্ধার কাজ চালাচ্ছে । এছাড়া ‘স্বাধীনতা’ ও ‘প্রত্যয়’ জাহাজ গভীর সমুদ্রে উদ্ধার তত্পরতা চালাচ্ছে।
নৌবাহিনীর একটি টহল বিমান উপকূলীয় এলাকায় নিখোঁজ জেলেদের সন্ধানে সার্বক্ষনিক টহল দিচ্ছে।
মৌসুমি নিম্নচাপে উত্তাল সাগরে গত বুধবার সাগরে মাছ ধরতে গিয়ে বেশ কিছু বাংলাদেশি ফিশিং ট্রলার ঝড়ের কবলে পড়ে। এতে শতাধিক জেলে সাগরে নিখোঁজ হয়। ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করে বাংলাদেশ নৌবাহিনী, কোস্টগার্ড ও ভারতীয় কোস্টগার্ড।
এর আগে দূর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ইঞ্জিন বিকল হয়ে দুইটি ফিশিং ট্রলার ‘আল্লাহর দান’ এবং ‘ফরহাদ’ ভারতীয় সীমানায় ঢুকে পড়ে। ট্রলার দুইটি হতে গত শুক্রবার ভারতীয় কোস্টগার্ড জাহাজ ৩১ জন জেলেকে উদ্ধার করে। উদ্ধারকৃত জেলেদের বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।- আইএসপিআর
ইত্তেফাক/এমএএস
