বাড্ডায় গ্রেফতার জামায়াত-শিবিরের ১৮ নেতাকর্মী রিমান্ডে

আপডেট : ২০ আগস্ট ২০১৬, ২০:৫১
রাজধানীর মেরুল বাড্ডা থেকে গ্রেফতারকৃত জামায়াত-শিবিরের ১৮ নেতাকর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নিয়েছে পুলিশ। এদের মধ্যে ১৬ জনকে দু’দিন ও ২ জনকে  তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
 
গ্রেফতার ১৮ জনকে শনিবার ঢাকা মহানগর হাকিম সাজ্জাদুর রহমানের আদালতে তোলা হয়। সেখানে জামিনের আবেদন জানান আসামিপক্ষের আইনজীবীরা। অন্যদিকে প্রত্যেকের ১০ দিন করে রিমান্ডের আবেদন জানান মামলার তদন্ত কর্মকর্তা ও বাড্ডা থানার উপ-পরিদর্শক নূর মোহাম্মদ। আদালত শুনানি শেষে ১৬ জনকে দু’দিন করে রিমান্ডে দেন। এবাদুল্লাহ ও শামীম নামের দু’জনকে দেওয়া তিনদিনের রিমান্ডে।
 
মানববতাবিরোধী অপরাধে ফাঁসি হওয়া জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর স্ত্রী শামছুন্নাহার নিজামী পরিচালালিত ‘ইসলামি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ’ থেকে  শুক্রবার সকালে জামায়াতে ইসলামীর ১৮ জনকে গ্রেফতার করে বাড্ডা থানা পুলিশ। পুলিশের দাবি, আটক ব্যক্তিরা সরকারবিরোধী ষড়যন্ত্র করছিল। পরে এ অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে বাড্ডা থানায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়।