আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, 'জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতার মূল্যবোধ, আশা-আকাঙ্ক্ষাকে ধ্বংস করা হয়েছিল।'
জাতীয় শোক দিবস উপলক্ষে শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন (ডিইউএএ)-এর উদ্যোগে 'বঙ্গবন্ধু ও ঢাকা বিশ্ববিদ্যালয়' শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এই সভা অনুষ্ঠিত হয়।
অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি এ কে আজাদের সভাপতিত্বে সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, এমিরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান, ডিইউএএ'র সাবেক সভাপতি মনজুর এলাহি ও প্রাক্তন সভাপতি রকীবউদ্দিন আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে 'বঙ্গবন্ধু ও ঢাকা বিশ্ববিদ্যালয়' শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। তোফায়েল আহমেদ বলেন, 'বঙ্গবন্ধুকে ঘাতকরা হত্যা করলেও আদর্শ মুজিব, বাংলার মানুষের নয়নের মণি মুজিব বাঙালির হৃদয়ের মনিকোঠায় বিরাজ করছেন। যতদিন পৃথিবীর আলো-বাতাস, চন্দ্র-সূর্য থাকবে, ততদিন জাতির জনক বঙ্গবন্ধু বাংলার মানুষের হৃদয়ের মনিকোঠায় বিরাজ করবেন।' -বাসস।
ইত্তেফাক/এসএস
