'জামায়াতকে নিষিদ্ধ ও যুদ্ধাপরাধীদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে'

আপডেট : ২১ আগস্ট ২০১৬, ০২:১৪
 
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, জামায়াতে ইসলামীকে অবশ্যই নিষিদ্ধ এবং যুদ্ধাপরাধীদের স¤পত্তি বাজেয়াপ্ত করা হবে। মন্ত্রী বলেন, পাঠ্যপুস্তকে মুক্তিযুদ্ধের ইতিহাসের পাশাপাশি যুদ্ধাপরাধীদের অপকর্মের কাহিনীও লিপিবদ্ধ করা হবে।
 
তিনি আরো বলেন, মুক্তিযোদ্ধাদের ঈদ বোনাস সহ বছরে পাঁচটি ভাতা দেয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। আগামী সোমবার এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে। মন্ত্রী আরো বলেন সকল মুক্তিযোদ্ধার কবর একই নকশায় বাঁধানো হবে, যাতে ভবিষ্যৎ বংশধররা তাদেরকে আলাদাভাবে স্মরণ করতে পারে।
 
শনিবার রাতে সিলেট কবি নজরুল অডিটোরিয়ামে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা কমান্ড আয়োজিত রণাঙ্গন ৭১ স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন ও মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
 
মোজাম্মেল হক বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কারা জড়িত ছিল তাদের চিহ্নিত করা হবে। ১৫ আগস্ট পাকিস্তান ও আমেরিকান দূতাবাস সারা রাত খোলা ছিল উল্লেখ করে তিনি বলেন, জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রকারী কারা আমরা বের করবো।
 
কমিশন গঠন করে যার মাধ্যমে সব সত্য বেড়িয়ে আসবে। বঙ্গবন্ধুর খুনি কারা ? এখানে খুনি হিসাবে নাম রয়েছে জিয়াউর রহমান, খন্দকার মোস্তাকের। আদালত বলেছে মানুষ মারা গেলে মৃত ব্যক্তির বিরুদ্ধে কোন রায় হয় না। ট্রুথ কমিশন গঠন করে মুক্তিযুদ্ধে কার কি ভূমিকা ছিল তার বের করা হবে।
 
সিলেট জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েলের সভাপতিত্বে ও সাইমুম আঞ্জুম ইভানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, জেলা পরিষদের প্রশাসক এডভোকেট লুৎফুর রহমান , সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী , বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ইসমত কাদির গামা, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার কামরুল আহসান, জেলা প্রশাসক জয়নাল আবেদীন, লে:. কর্নেল নিরঞ্জন ভট্টাচার্য, ছাদ উদ্দিন আহমদ, সোয়েব চৌধুরী ,আতাউর রহমান, ইদ্রিস আলী বীরপ্রতীক, আব্দুল নুর, বাদশা মিয়া, সালাউদ্দিন পারভেজ প্রমুখ।