কর অফিসে করদাতার হয়রানির অভিযোগ দীর্ঘদিনের। বিভিন্ন খুঁটিনাটি বিষয় নিয়ে করদাতার কাছ থেকে অর্থ আদায় কিংবা কর অফিসে অসহযোগিতা করার অভিযোগ রয়েছে কর বা ভ্যাট আদায়কারী কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে। করদাতাদের অন্যায়ভাবে হয়রানির বিষয়ে রাজস্ব প্রশাসনে অভিযোগ জানানোর তেমন কার্যকর কোনো উপায় এতদিন ছিল না। এখন থেকে করদাতারা এ ধরনের যে কোনো অভিযোগ জানানোর সুযোগ পাবেন। সব কর অফিসে এ জন্য থাকবে রেড বক্স বা লাল রংয়ের বাক্স। কর অফিসে কোনো কর কর্মকর্তা বা কর্মচারী অসহযোগিতা করলে কিংবা অবৈধ অর্থ দাবি করলে সংশ্লিষ্ট ব্যক্তির নাম এবং হয়রানির ধরন লিখে করদাতা ওই বাক্সে রাখবেন। সুরক্ষিত ওই বাক্সের দেখভাল করবেন একজন দায়িত্বশীল কর্মকর্তা। নির্দিষ্ট সময় শেষে এই অভিযোগ পর্যালোচনা করে দায়ী কর্মকর্তা-কর্মচারীকে সংশোধন, তিরস্কার বা শাস্তির আওতায় আনা হবে।
একইভাবে ওই কর অফিসে আরেকটি সবুজ রংয়ের বাক্সও থাকবে। করদাতার সহযোগিতামূলক আচরণ পেলে সংশ্লিষ্ট কর্মীর নাম লিখে ওই বাক্সে রেখে যাবেন। ওই কর্মীও পেশাগতভাবে এ জন্য পুরস্কৃত হবেন। রাজস্ব বোর্ড (এনবিআর) এ ধরনের একটি উদ্যোগ নিতে যাচ্ছে। আগামী সেপ্টেম্বর থেকে দেশের সব কর অফিসে এটি বাস্তবায়ন হবে বলে এনবিআরসূত্রে জানা গেছে।
যোগাযোগ করা হলে এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান ইত্তেফাককে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এনবিআরকে করদাতাবান্ধব করার চেষ্টার অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হচ্ছে। কর অফিসে হয়রানির শিকার হওয়ার অভিযোগ করে আসছেন করদাতারা। এ উদ্যোগের মাধ্যমে কর অফিসগুলো করদাতাবান্ধব হবে বলে আশা করছি। কোনো কর্মকর্তা ভালো কাজ করলে এর স্বীকৃতি পাবেন। এর মাধ্যমে তারা উদ্বুদ্ধও হবেন।
জানা গেছে, করদাতা কোনো অভিযোগ দিলে তা যাচাই করার জন্য তার বক্তব্য নিতে পারবেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। একইভাবে অভিযুক্ত ব্যক্তিও আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন।
ইত্তেফাক/এএসএস
