ইংলিশ প্রিমিয়ার লিগে বর্তমান চ্যাম্পিয়ন লেস্টার সিটির সঙ্গে গোলশূন্য ড্র করেছে আর্সেনাল। নিস্প্রাণ ম্যাচে খুব বেশি গোলের সুযোগ তৈরি করতে পারেনি।
ফুটবল বিশ্বকে চমকে গত মৌসুমের লিগ শিরোপা জয়ের পথে আর্সেনাল ছাড়া বড় সব দলের বিপক্ষেই পয়েন্ট পায় লেস্টার। একমাত্র আর্সেন ভেঙ্গারের শিষ্যদের কাছে ‘হোম ও অ্যাওয়ে’ দুটি ম্যাচেই হেরেছিল তারা।
শনিবার রাতে চ্যাম্পিয়ন-রানার্সআপদের লড়াইয়ের প্রথমার্ধে খুব বেশি উল্লেখযোগ্য ঘটনার জন্ম হয়নি। বিরতির আগে গোলের নিশ্চিত সুযোগ পায়নি কেউই।
৩২তম মিনিটে এগিয়ে যেতে পারতো আর্সেনাল। কিন্তু সান্তি কাসোরলার বাঁকানো ফ্রি-কিকে জালে ঢুকতে যাওয়া বল শেষ মুহূর্তে বাঁয়ে ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে ঠেকান গোলরক্ষক কাসপার স্মাইকেল।
৪৩তম মিনিটে ফরাসি ডিফেন্ডার লরাঁ কোসিয়েলনি ডি-বক্সে ইংলিশ মিডফিল্ডার ড্যানিয়েল ড্রিঙ্কওয়াটারকে ফেলে দিলে পেনাল্টির জোরালো আবেদন করে লেস্টার। তবে রেফারির সাড়া মেলেনি।
৭০তম মিনিটে ম্যাচের সবচেয়ে বড় সুযোগটি পান গত মৌসুমে লেস্টারের সর্বোচ্চ গোলদাতা জের্মি ভার্ডি। ফাঁকায় বল পেয়ে বিনা বাধায় ডি বক্সে ঢুকে পড়েছিলেন; কিন্তু গোলরক্ষককে একা পেয়েও শট লক্ষ্যে রাখতে পারেননি।
শেষ ১০ মিনিটে আক্রমণ-পাল্টা আক্রমণে লড়াই জমে উঠলেও স্কোরলাইনে কোনো পরিবর্তন আসেনি।
এই ড্রয়ে ঘরের মাঠে লেস্টার টানা ১৬ ম্যাচ অপরাজিত থাকল। কিং পাওয়ার স্টেডিয়ামে তাদের শেষ হারটাও এই আর্সেনালের বিপক্ষেই।
