এই রেস্তোরায় খেতে গেলে খাবার নষ্ট করে প্লেটে ফেলে আসলে চলবে না। পরিপাটি করে পরিষ্কারভাবে চেটেপুটে খেলেই পাবেন নিষ্কৃতি। আর তা যদি না করেন, খাবার যদি প্লেটে পড়ে থাকে, তাহলে বিলের সঙ্গে অতিরিক্ত টাকা গুণতে হবে জরিমানা আকারে।
আজ্ঞে হ্যাঁ। জার্মানির স্টুটগার্টের একটি রেস্তোরায় যার এমন অদ্ভুত নিয়মই বলবৎ হয়েছে। ওই রেস্তোরার নাম 'ইয়োকি'। এই রেস্তোরায় একটি প্লেট রয়েছে যার নাম 'অল ইউ ক্যান ইট'। সেটি শেষ করতে ২ ঘণ্টা পর্যন্ত সময় দেওয়া হয়। তা না পারলে জরিমানা অপেক্ষা করে থাকে।
আসলে একটি খাবার যাতে কেউ নষ্ট না করেন তার জন্য একটি অভিনব প্রচার। কেউ যদি পাতে খাবার ফেলে যান যা পরে আর কেউ খেতে পারবেন না তাহলে তার জন্য ১ ইউরো করে জরিমানা দিতে হবে।
রেস্তোরার মালিক গুয়ু লুয়ান গত দু'দশক ধরে এই রেস্তোরা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন। তিনি সবসময় লক্ষ্য করেছেন, বাফেতে যে খাবার নেওয়া হয় তার অনেকটা অংশ নষ্ট হয়, ফেলে দিতে হয়। নেওয়ার পরও না খেয়ে তা বহু লোকে নষ্ট করেন।
IMG0
তার কথায়, 'আমি রেস্তোরায় খেতে আসা গ্রাহকদের খারাপ কথা বলতে পারব না, আবার মুখ বুজে খাবার নষ্টও সহ্য করতে পারব না।
আর সেজন্যই এমন অভিনব নিয়ম নিজের রেস্তোরায় চালু করেছেন তিনি। লুয়ানের দেখাদেখি ডুসেলডর্ফে ওকিনি নামে একটি রেস্তোরাতেও একই নিয়ম চালু হয়েছে।
এছাড়া ওয়েস্টফেলিয়াতেও হিমালয় নামে একটি চিনা-মঙ্গোলিয়ান রেস্তোরাও প্লেটে খাবার ফেলে উঠলে ফাইন চালু করেছে।
