'আঁখে ২' নির্মাতাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন ইলিয়ানা?

আপডেট : ২১ আগস্ট ২০১৬, ১১:৩২
ছবির নির্মাতারা দাবি করেছেন, ‘আঁখে’-র সিক্যুয়েল ‘আঁখে ২’ তে দেখা যাবে ইলিয়ানা ডি ক্রুজকে। কিন্তু অভিনেত্রীর ম্যানেজার ওই দাবি মানতে নারাজ।
 
‘আঁখে ২’ সিনেমার উন্মোচন অনুষ্ঠানে অমিতাভ বচ্চন ও আরশাদ ওয়ার্সি উপস্থিত ছিলেন। কিন্তু দেখা যায়নি ইলিয়ানাকে। যদিও নির্মাতারা একটি ভিডিও দেখিয়ে দাবি করেছেন, ইলিয়ানা সিনেমায় কাজ করবেন।
 
যোগাযোগ করা হলে ইলিয়ানার ম্যানেজার এই দাবি খারিজ করে দেন।
 
সূত্রের খবর উল্লেখ করে সংবাদমাধ্যমে জানানো হয়েছে, ইলিয়ানাকে এই সিনেমায় অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়। কিন্তু অভিনেত্রী তা নাকচ করে দেন। তাই অনুমতি ছাড়াই তার নাম ‘আখেঁ ২’-এর নির্মাতারা ঘোষণা করেছেন বলে জানিয়েছেন ইলিয়ানার ম্যানেজার। এই ঘটনায় একেবারেই খুশি নন ইলিয়ানা।
 
সিনে মহলের সূত্র উল্লেখ করে সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক বছর ধরে কোনও সিনেমার জাঁকজমকপূর্ণ ঘোষণার প্রথা কমে গেছে। শুধু প্রযোজকদের অর্থ সংগ্রহের সুবিধার জন্য এ ধরনের অনুষ্ঠান এখন হয়। কোনও সিনেমায় বড় বড় তারকা থাকার কথা ঘোষণা করলে লগ্নিকারীদের দৃষ্টি আকর্ষণ করা যায়।
 
‘আঁখে’-র সিক্যুয়েলে তার বিনা সম্মতিতেই নাম ঘোষণায় ক্ষুব্ধ ইলিয়ানা প্রযোজকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চলেছেন বলে শোনা যাচ্ছে।