আজব খিদে! হ্যাঁ, আজব নয় তো কী? খিদে পেলে কেউ ছুরি খায় বলে কস্মিনকালেও শুনেছেন?
মানুষের পাকস্থলী থেকে দলা পাকানো চুলের গোছা বেরোনো নতুন কিছু নয়। গ্রামীণ মেলায় পেটের তাড়নায় রাক্ষস সেজে লোকে ইট-নুড়ি-পাথরও গোগ্রাসে গিলে ফেলে। তাই বলে ছুরি!
হ্যাঁ, ম্যাজিশিয়ানের গলা দিয়ে আস্ত ছুরি বা তরোয়াল সরসরিয়ে নেমে যায়, আবার বেরিয়েও আসে। কিন্তু, সে তো খেলাই, আসলে তো গলাধঃকরণ করতে হয় না কিছুই। কিন্তু, ভারতের অমৃতসরের এক ব্যক্তি, যিনি পেশায় একজন পুলিশ, এমনি এমনিই নাকি ছুরি খেয়ে ফেলতেন। কোনও খেলা দেখাতে নয় কিন্তু।
অস্ত্রোপচারের পর ডাক্তাররাও তাজ্জব বনে গেছেন। কোনও মানুষের পেট থেকে ৪০টি লোহার ছুরি বেরোতে পারে, তারা কল্পনাতেও ভাবেননি।
জানা গেছে, পেটে যন্ত্রণা হওয়ায় অমৃতসরের কর্পোরেট হাসপাতালে ভর্তি হয়েছিলেন ওই পুলিশকর্মী। পেটে সিটি স্ক্যান করে পাকিস্থলিতে ছুরির উপস্থিতি টের পাওয়া যায়।
৫ সদস্যের একটি টিম তার পেটে অস্ত্রোপচার করে। ওই টিমের প্রধান, হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর যতিন্দার মালহোত্রার বিস্মিয়মাখা প্রতিক্রিয়া, 'একজন মানুষের পেটে ৪০টি ছুরি, তা-ও তিনি অদ্ভুতভাবেই জীবিত!'
পাঁচ ঘণ্টা ধরে অস্ত্রোপচারের পর ওই রোগীর পেট থেকে সবক'টি ছুরিই বের করা হয়েছে। তবে, রোগীর নাম প্রকাশ করা হয়নি।
আর রোগীর বক্তব্য, 'ছুরি দেখলেই নাকি তার খেয়ে ফেলতে শখ জাগত। গত দু-মাস ধরে তাই ছুরি খেয়েছেন!'
