সিরিয়ায় আহত ওমরানের ভাই আলী মারা গেছেন

আপডেট : ২১ আগস্ট ২০১৬, ১৩:২৫
সিরিয়ার আলেপ্পো শহরে বোমা হামলায় বিধ্বস্ত ভবন থেকে উদ্ধার করা পাঁচ বছরের আহত শিশু ওমরান দাকনেশের ভাই আহত আলী মারা গেছে।
 
সমুদ্রের পাশে ভেসে আসা মৃত শিশু আয়লানের পর ধুলোবালিতে জর্জরিত ও মুখসহ সারা শরীরে ছোপ ছোপ রক্তে ভেজা ওমরান দাকনেশের ছবি প্রকাশের পর তা পুরো বিশ্বের মানুষকে নতুন করে কষ্ট ও আঘাত দিয়েছে। 
 
গত ১৭ আগস্ট রাশিয়া ও সিরীয় বাহিনীর বোমা হামলায় ভবন ধসে পড়ার পর সেখান থেকে ওমরানসহ আরো কয়েকজনকে উদ্ধার করা হয়। 
 
দ্য সিরিয়া সলিডারিটি ক্যাম্পেইন বলছে, ওই ভবন থেকে উদ্ধার হওয়া ওমরানের ভাই ১০ বছরের আহত আলীও রোববার মারা গেছে। শরীরের ভেতরে রক্তক্ষরণ এবং কয়েকটি অঙ্গ নষ্ট হয়ে যাওয়ায় আলী মারা যায়। 
 
অপর এক সূত্রে জানা গেছে, ওমরান ডাকনেশের ডাক্তারও আলীর মারা যাওয়ার খবর নিশ্চিত করেছেন। 
 
সিরিয়ার একসময়ের বাণিজ্যিক ও শিল্প শহর আলেপ্পো ২০১২ সালের পর থেকে দুভাগে ভাগ হয়ে আছে। শহরটির পশ্চিমাঞ্চল সরকারি বাহিনী এবং পূর্বাঞ্চল বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে।