লোহাগড়ায় প্রতিপক্ষের হামলায় আহত যুবকের মৃত্যু

আপডেট : ২১ আগস্ট ২০১৬, ১৭:২১

নড়াইলের লোহাগড়া উপজেলার পারমল্লিকপুর গ্রামে প্রতিপক্ষের হামলায় আহত যুবক ইকবাল মৃধা (৩০) মারা গেছেন। গত শনিবার (২০ আগস্ট) রাত ১১টার দিকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। গত ১৬ আগস্ট সকালে পারমল্লিকপুরে প্রতিপক্ষরা তাকে কুপিয়ে গুরুতর জখম করে। ঘটনার দিন ইকবালের চাচা মল্লিকপুর ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক নূর ইসলাম মৃধাকেও (৫০) কুপিয়ে হত্যা করা হয়।

 
পুলিশ ও এলাকাবাসী জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ১৬ আগস্ট সকালে পারমল্লিকপুর গ্রামে প্রতিপক্ষরা নূর ইসলাম মৃধার বাড়িতে অর্তকিত হামলা চালায়। এ ঘটনায় নূর ইসলাম নিহত হন এবং ভাতিজা ইকবালকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। এছাড়া এ ঘটনায় নূর ইসলামের দুই মেয়েসহ ১০জন আহত হন। আহতদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
 
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পারমল্লিকপুর গ্রামে ঠাকুর এবং মৃধা বংশের লোকজনের দীর্ঘদিনের বিরোধের জেরে গত ১৬ আগস্ট সকালে দুইপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে ঠাকুর পক্ষের লোকজন নূর ইসলাম মৃধার বাড়িতে হামলা চালায়।
 
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, রাত ১১টার দিকে ইকবাল মারা গেছেন। এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন রয়েছে।
 
ইত্তেফাক/এএন