ইরাকে ৩৬ আইএস জঙ্গির ফাঁসি কার্যকর

আপডেট : ২১ আগস্ট ২০১৬, ১৮:১৬
ইরাকে ইসলামিক স্টেটের (আইএস) ৩৬ জঙ্গির ফাঁসি কার্যকর করা হয়েছে। ২০১৪ সালে তিরকিতের কাছে একটি সামরিক ক্যাম্পে এক হাজার ৭০০ সেনা সদস্যকে হত্যার সাথে যুক্ত ছিল এই জঙ্গিরা।
 
তিরকিতের কাছে যে যায়গায় এই গণহত্যা চালানো হয় আগে সেখানে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ছিল। সেনাবাহিনীতে সদ্য নিয়োগ পাওয়া তরুণদের ওই ক্যাম্পে রাখা হয়েছিল। মূলত এরাই আইএসের নৃশংসতার শিকার হয়।
 
গণহত্যার শিকার বেশিরভাগ সেনাসদস্যই ছিল শিয়া সম্প্রদায়ের। এই ঘটনা আইএস প্রতিহত করতে শিয়া মিলিশিয়াদের উদ্বুদ্ধ করে। উত্তর ইরাকের বিস্তীর্ণ এলাকা তখন আইএসের দখলে ছিল।
IMG0
তখন গণহত্যার ভিডিও ও ছবি প্রকাশ করেছিল আইএস। ওই এলাকা থেকে জঙ্গিদের বিতাড়িত করার পর বহু গণকবরের সন্ধান পাওয়া যায়।
 
ধিকার প্রদেশের একজন সরকারি মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেন, 'আজকে সকালে নাসিরিয়া জেলখানায় দণ্ডপ্রাপ্ত ৩৬ জনের রায় কার্যকর করা হয়েছে। দণ্ডপ্রাপ্তরা গণহত্যায় যুক্ত ছিল।' নিহতদের মধ্যে ৪০০ জন ছিল ধিকার প্রদেশের। সূত্র: বিবিসি
ইত্তেফাক/এমএএস