'রিজার্ভ চুরির ঘটনায় সেপ্টেম্বরে তদন্ত প্রতিবেদন প্রকাশ হবে'

আপডেট : ২১ আগস্ট ২০১৬, ১৮:৫৩
 
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, 'আগামী সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহের মধ্যে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় সরকার গঠিত তদন্ত কমিটির চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করা হবে।' 
 
রবিবার সচিবালয়ে বাংলাদেশ উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সেলিমা আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।
 
অর্থমন্ত্রী বলেন, ২৪ সেপ্টেম্বর আমি নেদারল্যান্ডস হয়ে ওয়াশিংটন যাবো। এর আগেই রিজার্ভ চুরির ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশ করা হবে। রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন প্রকাশ করতে সময় নেয়ার কারণ হচ্ছে, ঘটনার সঙ্গে জড়িত কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। তদন্ত প্রতিবেদন প্রকাশ হলে আইনানুগ কাজে ব্যাহত হওয়ার সম্ভাবনা থাকে।
 
উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে সুইফট মেসেজিং সিস্টেমের মাধ্যমে ভুয়া বার্তা পাঠিয়ে ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে রক্ষিত রিজার্ভের আট কোটি ১০ লাখ ডলার ফিলিপাইনে সরিয়ে নেয়া হয়, যাকে বিশ্বের অন্যতম বড় সাইবার চুরির ঘটনা বলা হচ্ছে। তবে রিজার্ভ চুরির এ ঘটনা দেশের মানুষ জানতে পারে এক মাস পর, ফিলিপাইনের একটি পত্রিকার খবরের মাধ্যমে।
 
বিষয়টি চেপে রাখায় সমালোচনার মুখে গভর্নরের পদ ছাড়তে বাধ্য হন আতিউর রহমান। এছাড়া বড় ধরনের রদবদল হয় কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ পর্যায়ে।
 
 
 
ইত্তেফাক/কেকে