বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, '২১ আগস্টের গ্রেনেড হামলার ঘটনা বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক কলঙ্কময় অধ্যায়।' রবিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত এক স্মরণ সভায় এ কথা বলেন তিনি।
বিএনপি'র মহাসচিব বলেন, এদিনে আমি স্মরণ করতে চাই, অত্যন্ত দুঃখের সঙ্গে ভারাক্রান্ত হৃদয়ে। আজকে সেই ২১ আগস্ট। যে ২১ আগস্টে একটা বর্বরতম হত্যাকাণ্ড ঘটেছিল এবং একটি রাজনৈতিক দলের ২২ জন নেতাকর্মী সেদিন নিহত হয়েছিলেন। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটা কলঙ্কময় ঘটনা ঘটেছিল।
জঙ্গিবাদ নির্মূল করা জাতীয় দায়িত্ব মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, জঙ্গি আশ্রয় নয় বরং দমন করা আমাদের দায়িত্ব। যদি আমরা এটা দমন করতে না পারি তাহলে দেশ ধ্বংস হয়ে যাবে। কিন্তু জঙ্গিবাদ দমন করতে যখন খালেদা জিয়া ঐক্যের ডাক দিলেন তখন একটি পক্ষ বলছে এটা নির্বাচনের ডাক।
বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির চেয়ারম্যান জেবেল রহমান গানির সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় পার্টি (কাজী জাফর) মহাসচিব মোস্তফা জামাল হায়দার, জাগপার সভাপতি শফিউল আলম প্রধানসহ প্রমুখ।
ইত্তেফাক/কেকে
