গুলশানে হলি আর্টিজান রেস্তোরায় হামলাকারী জঙ্গিদের বাসা ভাড়া দেয়াসহ তথ্য গোপনের অভিযোগে গ্রেফতার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকসহ তিনজনকে জামিন দিয়েছে আদালত।
জামিন প্রাপ্তরা হলেন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের স্কুল অব হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক এস এম গিয়াস উদ্দিন আহসান, তার ভাগনে আলম চৌধুরী ও ওই ফ্ল্যাটের তত্ত্বাবধায়ক মাহবুবুর রহমান।
আসামিদের পক্ষে করা জামিন আবেদনের প্রেক্ষিতে রবিবার ঢাকার মহানগর হাকিম সাব্বির ইয়াসির মাহমুদ চৌধুরী এ আদেশ দেন।
আদালতের প্রসিকিউশন কর্মকর্তা রনপ কুমার জানান, তদন্ত শেষে তথ্য গোপনের অভিযোগ প্রমানিত হওয়ায় ফৌজদারী কার্যবিধির ১৭৬ ধারায় শনিবার আসামিদের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করেন তদন্ত কর্মকর্তা। ধারাটি জামিনযোগ্য বিধায় তাদের জামিন মঞ্জুর করা হয়েছে।
গত ১৬ জুলাই বিকালে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার ৬ নম্বর রোডের ই-ব্লকের ৩ নম্বর টেনামেন্টের ফ্ল্যাট এ/৬ থেকে তিনজনকে আটক করা হয়।
পরের দিন গত ১৭ জুলাই ফৌজদারী কার্যবিধির ৫৪ ধারার অভিযোগে আসামিদের রিমান্ডে নিয়ে ১০ দিন জিজ্ঞাসাবাদের আবেদন করা হলে প্রত্যেকের ৮ দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়। গত ২৬ জুলাই আট দিনের রিমান্ড শেষে আসামিদের আদালতে হাজির করা হলে তাদের কারাগারে পাঠানো হয়।
ইত্তেফাক/কেকে
