৩৬তম বিসিএসে ১৫৬ জনকে অযোগ্য ঘোষণা

আপডেট : ২১ আগস্ট ২০১৬, ২১:১৬
আগামী ১লা সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া ৩৬তম বিসিএসে লিখিত পরীক্ষায় ১৫৬ জনকে অযোগ্য ঘোষণা করেছে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (পিএসসি)।
 
বিজ্ঞাপনের শর্ত অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে স্নাতক পরীক্ষা শেষ না হওয়ায় তিন জনকে, বিপিএসসি ফরম-২ তে স্বাক্ষর না থাকায় পাঁচ জনকে, নির্ধারিত সময়ের পরে বিপিএসসি ফরম-২ জমা দেয়ায় ১২ জনকে এবং বিপিএসসি ফরম-২ জমা না দেয়ায় ১৩৬ জনের প্রার্থিতা বাতিল করা হয়।
 
পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ.ই.ম  নেছারউদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, শর্ত পূরণ না করায় ১৫৬ জনকে আগামী ১লা সেপ্টেম্বর থেকে অনুষ্ঠিতব্য ৩৬তম বিসিএসে অংশ গ্রহণ করতে পারবেন না। প্রার্থিতা বাতিল হওয়াদের তালিকা পিএসসির ওয়েবসাইট www.bpsc.gov.bd তে পাওয়া যাবে।
 
আগামী ১ থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত ৩৬তম বিসিএসের আবশ্যিক এবং ৫ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত পদ সংশ্লিষ্ট বিষয়ের পরীক্ষা হবে। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর কেন্দ্রে একযোগে পরীক্ষা চলবে।
 
গত ১০ ফেব্রুয়ারি ৩৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করে পিএসসি। প্রিলিমিনারির দুই লাখ ১১ হাজার ৩২৬ জনের মধ্যে ১৩ হাজার ৮৩০ জন উত্তীর্ণ হন।