উপমহাদেশের ছেলে ও মেয়েদের যুব পর্যায়ে উন্নয়নের জন্য সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনকে (সাফ) এক মিলিয়ন ডলার অনুদান দেয়ার পরিকল্পনা করছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)।
গত শুক্র ও শনিবার কুয়ালালামপুরে এশিয়ার পাঁচটি আঞ্চলিক ফুটবল ফেডারেশেনের সঙ্গে আলোচনায় বসেছিল এএফসি। সেখানেই এ বিষয়ে জানায় এশিয়ার ফুটবলের সর্বোচ্চ সংস্থা।
সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিন ও সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল। হেলাল এ সভায় সাফের প্রতিনিধিত্ব করেন।
হেলাল এ ব্যাপারে বলেন, ‘এএফসির এ ধরনের উদ্যোগকে ধন্যবাদ দিয়েছে সব আঞ্চলিক ফেডারেশন। তবে এএফসির রয়েছে কিছু শর্ত, যেমন তারা অনূর্ধ্ব-১৫ পর্যায়ে বেশি গুরুত্ব দিতে বলছে আর তাদের রয়েছে পুরো পেশাদার একটি প্রশাসনিক কাঠামো দাঁড় করানোর শর্ত। এখানে আমাদের সবারই কিছু সীমাবদ্ধতা রয়েছে, আগামী ১১ অক্টোবর আবার এ বিষয়ে আলোচনা হবে।’
