আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) সভাপতি থমাস বাখ বলেছেন, আর্থিক অনটন ও স্টেডিয়ামগুলোর গ্যালারিতে কিছু কিছু ফাকা আসন সহ অনেক বিষয়ে সমস্যা দেখা দিলেও ব্রাজিলের অলিম্পিক আয়োজন ছিল চোখ ধাধানো। যার মাধ্যমে ব্রাজিল অসাধারণ আয়োজক হিসেবে নিজেদের উপস্থাপন করেছে।
এবারের আয়োজন নিয়ে নানা সমালোচনা হলেও আগামীতে রিওকে ফের আয়োজক করার অনুমতি দেয়ার বিষয়ে নিজের কোন দ্বিধা থাকবেনা বলেও মন্তব্য করেন আইওসি প্রধান। তিনি বলেন, ‘রিও দৃষ্টি নন্দন একটি গেমসের আয়োজন করেছে। গোটা ব্রাজিল জাতিই দারুণ আয়োজক।’
আইওসি সভাপতি প্রশংসা সূচক বাণী দিলেও আর্থিক অনটন ও রাজনৈতিক কর্মকান্ড অলিম্পিক আয়োজনকে কিছুটা হলেও বাধাগ্রস্ত করেছে। অবকাঠামো নির্মাণ খাতে বরাদ্দ কমানো এবং ৫ আগস্ট গেমস শুরু হবার পর বিভিন্ন স্টেডিয়ামের আসন খালি থাকার বিষয় সহ বেশ কিছু দিক নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে।
গেমসে বেশ কিছু রেকর্ড এবং কসোভোর মত দেশগুলোরও পদক জয়ের মাধ্যমে সফলতা অর্জনের বিষয়গুলোকে সামনে এনে বাখ বলেন, ‘বিভিন্ন কারণে এটি ছিল আইকনিক গেমস। এর মাধ্যমে প্রমাণিত হল বার্ষিক প্রবৃদ্ধির দিক থেকে শীর্ষে না থাকা দেশগুলোর পক্ষেও অলিম্পিক আয়োজন করা সম্ভব।’ এএফপি
ইত্তেফাক/এমএইচ
