এরশাদের আপিল শুনানির উদ্যোগ দুদকের

আপডেট : ২২ আগস্ট ২০১৬, ১৩:৪৩
 
দুর্নীতির মামলায় তিন বছরের সাজার রায়ের বিরুদ্ধে সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের আপিলের শুনানি শুরু করতে উদ্যোগ নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের পক্ষে তাদের আইনজীবী খুরশীদ আলম খান এই মামলায় আপিল শুনানির দিন ধার্য করতে সোমবার হাইকোর্টের একটি বেঞ্চ আবেদন করেছেন। ২৩ আগস্ট ঐ বেঞ্চে শুনানির দিন ধার্যে মামলাটি কার্যতালিকায় আসতে পারে।
 
এর আগে ২০১২ সালের ২৬ জুন সাজার রায়ের বিরুদ্ধে এইচ এম এরশাদের আপিলে পক্ষভুক্ত হয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)। আপিলে পক্ষভুক্ত হতে দুদকের করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে ঐদিন বিচারপতি খোন্দকার মুসা খালেদ ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের হাইকোর্টের অবকাশাকালীন বেঞ্চ দুদকের আবেদন মঞ্জুর করেন।
 
১৯৮৩ সালের ১১ ডিসেম্বর থেকে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর পর্যন্ত রাষ্ট্রপতি থাকাকালে বিভিন্ন উপহার রাষ্ট্রীয কোষাগারে জমা না দেয়ার অভিযোগ রয়েছে এরশাদের বিরুদ্ধে। এ অভিযোগে ১৯৯১ সালের ৮ জানুয়ারি তত্কালীন দুর্নীতি দমন ব্যুরোর উপ-পরিচালক সালেহ উদ্দিন আহমেদ সেনানিবাস থানায় মামলাটি করেন। মামলায় এক কোটি ৯০ লাখ ৮১ হাজার ৫৬৫ টাকা আর্থিক অনিয়রে অভিযোগ আনা হয়।
 
ঐ মামলায় ১৯৯২ সালের ৩ ফেব্রুয়ারি ঢাকা বিভাগীয় বিশেষ জজ আদালতের রায়ে এরশাদের তিন বছরের সাজা হয়। একই সঙ্গে ঐ অর্থ ও একটি টয়োটো ল্যান্ডক্রুজার গাড়ি বাজেয়াপ্ত করারও নির্দেশ দেয়া হয়। এই রায়ের বিরুদ্ধে এরশাদ একই বছরহাইকোর্টে আপিল করেন। আদালত আপিল গ্রহণ করে আঢের রায়ের কার্যকারিতা স্থগিত করে ও নিম্ন আদালতের নথি তলব করে।  
 

ইত্তেফাক/এএসএস