সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ব্রম্মগাছা গ্রাম থেকে পল্লব চক্রবর্তী (৩) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। রবিবার সকাল থেকে সে নিখোঁজ হয়। সোমবার সকাল পর্যন্ত তার কোন খোঁজ পাওয়া যায়নি।
পল্লব ব্রম্মগাছা গ্রামের পলান চক্রবর্তীর ছেলে। এ ঘটনায় পরিবারের লোকজন রায়গঞ্জ থানায় একটি সাধারন ডায়রি (জিডি) করেছে। এ ঘটনার সাথে জড়িত সন্দেহে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে।
নিখোঁজ শিশু পল্লবের বাবা পলান চক্রবর্তী জানান, গতকাল সকালে পল্লব বাড়ি থেকে খেলতে বের হয়। সে বাড়ি ফিরে না আসলে বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করে। বিভিন্ন স্থানে খুজেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। ছেলেকে খুঁজে না পেয়ে তিনি রায়গঞ্জ থানায় একটি সাধারণ ডায়রি করেছেন।
পরিবারের লোকজন আশঙ্কা করছে শিশুটিকে অপহরন করা হয়েছে। তবে মুক্তিপণ চেয়ে এখনো কেউ কোন ফোন করেনি।
এই গ্রামের প্রত্যক্ষদর্শী সত্যেন চন্দ্র শীলের স্ত্রী ষষ্ঠী শীল জানান, ব্রম্মগাছা বাজার মসজিদের ইমাম রবিউল ইসলাম রবিবার সকালে ছেলেটিকে রাস্তা পার করে দিয়েছেন। তারপর থেকেই শিশুটিকে পাওয়া যাচ্ছে না।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুল আলম জানান, পুলিশি তদন্তে ইমামের নাম উল্লেখ করায় তাকে জিজ্ঞাসাবাদের থানায় আনা হয়েছে। শিশুটির সন্ধানে বিভিন্ন জায়গায় অভিযান চলছে। তবে এখনো শিশুটির কোন খোঁজ পাওয়া যায়নি।
ইত্তেফাক/এএসএস
