মোবাইল ফোন অপারেটর সিটিসেলের কার্যক্রমে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত হস্তক্ষেপ না করতে বিটিআরসিকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
সোমবার সিটিসেল কর্তৃপক্ষের করা আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের একক কোম্পানি বেঞ্চ এই আদেশ দেন।
বার বার তাগাদা দেয়ার পরও পৌনে পাঁচশ কোটি টাকা বকেয়া শোধ করতে না পারায় সিটিসেলের তরঙ্গ কেন বাতিল করা হবে না- তা জানতে চেয়ে গত ১৭ আগস্ট সিটিসেলকে নোটিশ দিয়েছিল টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। জবাব দেয়ার জন্য এক মাস সময় দেয়া হয়েছিল নোটিশে।
সে পর্যন্ত সিটিসেলকে তাদের কার্যক্রম চালিয়ে যাওয়ার সুযোগ দিতে বলেছে হাইকোর্ট।
সিটিসেলের পক্ষে আদালতে শুনানি করেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ। বিটিআরসির পক্ষে ছিলেন ব্যারিস্টার রেজা-ই-রাকিব।
উল্লেখ্য, প্রায় ৫০০ কোটি টাকা বকেয়া পরিশোধ করতে না পারায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) সিটিসেলের কার্যক্রম বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নেয়।
ইত্তেফাক/কেকে
