ঈশ্বরদীতে দুর্বৃত্তের হামলায় আহত যুবলীগ কর্মীর মৃত্যু

আপডেট : ২২ আগস্ট ২০১৬, ২০:৪৮

দুর্বৃত্তের হামলায় আহত ঈশ্বরদীর যুবলীগ কর্মী আরিফুল ইসলাম আলম (৩০) ১২ দিন মৃত্যুর সঙ্গে লড়াইয়ের পর রবিবার রাতে ঢাকার পঙ্গু হাসপাতালে মারা গেছে। এ ঘটনায় নিহত আলমের স্ত্রী রূপা খাতুন বাদী হয়ে ১২ জনকে আসামী করে ঈশ্বরদী থানায় মামলা দায়ের করেছেন।

 
থানায় দায়েরকৃত অভিযোগে রূপা উল্লেখ করেন, গত ১০ই আগষ্ট সন্ধ্যা ৭টার দিকে তার স্বামী আলম আলহাজ্ব মোড় এলাকায় গেলে পূর্বশত্রুতার জের ধরে হামলার শিকার হয়। এ সময় দুর্বৃত্তরা আলমকে লোহার রড, হাতুড়ি, জিআই পাইপ ও চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে। গুরুতর আহত অবস্থায় আলমকে অ্যাম্বুলেন্সে ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরের গেটে নেয়া হলে হামলাকারীদের সঙ্গে আরো কিছু সহযোগী এ্যাম্বুলেন্স ঘেরাও করে আবারো ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারিভাবে আঘাত করে।
 
এই অবস্থায় আলমকে পাবনা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক অবস্থা গুরুতর দেখে ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেন।
 
আলমকে ঢাকায় নেয়া হলে ১২দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে রবিবার গভীর রাতে মারা যায়। ঈশ্বরদী থানার ওসি আব্দুল হাই তালুকদার জানান, ১২জনকে আসামী করে রূপা খাতুনের দায়েরকৃত অভিযোগ এজাহারভূক্ত হয়েছে।
 
ইত্তেফাক/এএন