রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগে চূড়ান্ত অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার বাংলাদেশ ব্যাংকের অনুমোদন সংক্রান্ত চিঠি সোনালী ব্যাংকে পৌঁছেছে। এর আগে রবিবার অগ্রণী ব্যাংকে চিঠি পাঠায় বাংলাদেশ ব্যাংক। আর রূপালী ব্যাংকে মঙ্গলবার চিঠি পাঠানো হতে পারে বলে বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট ব্যাংক সূত্রে জানা গেছে।
নতুন নিয়োগ প্রাপ্তদের মধ্যে- কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওবায়দুল্লাহ আল মাসুদকে দেয়া হয়েছে সোনালী ব্যাংকের এমডি হিসাবে। আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শামস উল ইসলামকে নিয়োগ দেয়া হয়েছে অগ্রণী ব্যাংকের এমডি হিসাবে। রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসাবে নিয়োগ দেয়া হয়েছে আতাউর রহমান প্রধানকে। তিনি প্রবাসী কল্যাণ ব্যাংকের এমডি হিসাবে দায়িত্বে ছিলেন।
গত ৮ আগস্ট তিন ব্যাংকের এমডি নিয়োগে প্রাথমিক অনুমোদন দেয় অর্থমন্ত্রণালয়। সে অনুযায়ী সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদ একটি প্রস্তাবনা পাঠায় বাংলাদেশ ব্যাংকে। বাংলাদেশ ব্যাংক যাচাই বাছাই করে চূড়ান্ত ছাড়পত্র পাঠিয়েছে সংশ্লিষ্ট ব্যাংকে। আরও কিছু প্রক্রিয়া শেষে চলতি সপ্তাহের শেষের দিকে তিন এমডি আনুষ্ঠানিকভাবে যোগদান করতে পারবেন বলে ব্যাংকগুলোর সূত্রে জানা গেছে।
প্রসঙ্গত, এ তিন ব্যাংকের এমডির পদ এক মাসের বেশি সময় ধরে শূন্য অবস্থায় ছিল।
