স্পিকারের সঙ্গে কানাডার হাইকমিশনারের সাক্ষাৎ

আপডেট : ২২ আগস্ট ২০১৬, ২০:৪৭
জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার বেনয়েট পিয়েরে ল্যারামি আজ সোমবার তার কার্যালয়ে সাক্ষাৎ করেছেন।
 
সাক্ষাৎকালে তারা উভয় দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। তারা দুই দেশের পার্লামেন্টের বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।
 
স্পিকার বলেন, কানাডার সঙ্গে বাংলাদেশের বন্ধুপ্রতীম সম্পর্ক রয়েছে। 
 
তিনি সংসদ সদস্যদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে এ সম্পর্ক আরো সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। আগামী ১ থেকে ১০ সেপ্টেম্বর ঢাকায় অনুষ্ঠিতব্য ৬২তম সিপিসি ২০১৬ সম্মেলনটি নির্ধারিত তারিখে বাংলাদেশে অনুষ্ঠিত হচ্ছে না বলে স্পিকার কানাডার হাইকমিশনারকে অবহিত করেন। 
 
৬৩ তম সিপিসি ২০১৭ সালে বাংলাদেশে অনুষ্ঠানের বিষয়ে ইতিমধ্যে সিপিএকে প্রস্তাব করা হয়েছে বলেও স্পিকার জানান।
 
কানাডার হাইকমিশনার বাংলাদেশের সার্বিক উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, জেন্ডার সমতা ইত্যাদি ক্ষেত্রে অর্জিত সাফল্যের প্রশংসা করেন।- বাসস
 
 
ইত্তেফাক/কেকে