গত কয়েক বছরের রীতি ভেঙ্গে চলতি বছর আয়কর মেলা দেড় মাস পিছিয়ে ১ নভেম্বর শুরু হচ্ছে। সাত দিনব্যাপী এ মেলা শেষ হবে ৭ নভেম্বর। মূলত আয়কর দিবস পিছিয়ে দেয়ায় স্বভাবতই আয়কর মেলাও পিছিয়ে দিতে হয়েছে।
প্রথমবারের মতো রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নিজস্ব ভবনে আয়কর মেলা অনুষ্ঠিত হবে। ভবনটি এখনো নির্মাণাধীন। রাজধানী ঢাকায় সপ্তাহব্যাপী মেলা হবে। তবে জেলা পর্যায়ে মেলা হবে ৪ দিন।
এনবিআর সূত্র জানিয়েছে, অন্যান্য বারের চাইতে এবারের মেলায় তথ্য-প্রযুক্তি ব্যবহার বাড়ানোর মাধ্যমে অটোমেশনকে বিশেষ গুরুত্ব দেয়া হবে। রাজধানী ঢাকা ছাড়াও বিভাগীয় শহরের পাশাপাশি জেলা ও উপজেলা পর্যায়েও এবার আয়কর মেলা অনুষ্ঠিত হবে।
এতদিন ৩০ সেপ্টেম্বর বছরের আয়কর দেয়ার শেষ হিসেবে ঘোষিত ছিল। এর আগে ১৫ সেপ্টেম্বর জাতীয় আয়কর দিবস হিসেবে পালিত হতো। আর আয়কর মেলা চলত ১৬ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। তবে ৩০ সেপ্টেম্বর আয়কর জমা দেয়ার শেষ দিবস হিসেবে কার্যকর থাকলেও ব্যবসায়ীসহ বিভিন্ন গোষ্ঠীর অনুরোধে করদাতার আয়কর বিবরণী জমা দেয়ার সময় বাড়ানো হতো।
অতীতের বছরগুলোয় এটি অন্তত দুই মাস বাড়ানোর বিষয়টি নিয়মে পরিণত হয়েছিল। এর ফলে সময়মত আয়কর রিটার্ন জমা দিতে করদাতাদের মধ্যেও উত্সাহের ঘাটতি ছিল।
এ কারণে গত বাজেটে অর্থমন্ত্রী ৩০ নভেম্বরকে আয়কর দিবস হিসেবে ঘোষণা দিয়েছিলেন। অর্থাৎ ৩০ নভেম্বর আয়কর রিটার্ন জমা দেয়ার শেষ দিন। ওই দিন সরকারি ছুটি হলে এর পরবর্তী অফিস খোলার দিন এটি আয়কর দিবস হিসেবে পালিত হবে। ওই দিন কেউ রিটার্ন জমা দিতে ব্যর্থ হলে তাকে জরিমানা গুণতে হবে। এ কারণে এবার আয়কর মেলাও নভেম্বরে শুরু হচ্ছে।
