সীমান্ত এলাকা থেকে ইসলামিক স্টেটকে (আইএস) ‘নিশ্চিহ্ন’ করার প্রতিজ্ঞা করেছে তুরস্ক সরকার। আঙ্কারায় এক সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসগলু বলেন, ‘আমাদের সীমান্ত পুরোপুরি দায়েশ (আইএস) মুক্ত করা উচিত এবং এজন্য যা যা করতে হবে তা করতে আমরা প্রস্তুত।’
তিনি বলেন, ‘ইসলামিক স্টেটে যোগ দিতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন তুরস্ক হয়ে সিরিয়ায় প্রবেশ করে। তুরস্ক সরকার তাদের আটকাতে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে। এ কারণে তুরস্ক জঙ্গি দলটির প্রথম টার্গেটে পরিণত হয়েছে।’
তুরস্কের সঙ্গে সিরিয়ার আটশ কিলোমিটারের বেশি দীর্ঘ সীমান্ত রয়েছে। তুরস্ক সরকার সমর্থিত সিরিয়ার বিদ্রোহী দলগুলোও আইএস বিরোধী অভিযান পরিচালনার প্রস্তুতি নিচ্ছে বলে জানান বিদ্রোহীদের শীর্ষ এক নেতা।
তিনি বলেন, তুর্কি সীমান্তবর্তী সিরীয় শহর জারাবলুস কে আইএস দখলমুক্ত করার প্রস্তুতি চলছে।
‘ফ্রি সিরিয়ান আর্মি’র ব্যানারে যুদ্ধে অংশ নেওয়া বিদ্রোহী দলগুলো আগামী কয়েক দিনের মধ্যে তুরস্কের ভেতর থেকে জারাবলুসে হামলা চালানো শুরু করবে বলে জানা গেছে।
সম্প্রতি তুরস্কে বড় ধরনের কয়েকটি হামলার পেছনে আইএস- এর হাত রয়েছে বলে দাবি করেছে দেশটির সরকার।
