বরাবরই নিজের পেশা নিয়ে বেশ সচেতন ছিলেন কারিনা কাপুর। সাইফ আলি খানের সঙ্গে বিয়ে নিয়ে বেশি মাতামাতি পর্যন্ত করেননি তিনি। সম্পর্ক নিয়েও বরাবরই তার মুখে কুলুপ। এতেই শেষ নয়, নিজের সন্তান সম্ভাবনার কথাও প্রথমটায় এড়িয়ে গিয়েছিলেন মিডিয়ার সামনে। কিন্তু তার স্বামী প্রকাশ্যে কারিনার সন্তান সম্ভাবনার কথাটি জানিয়ে দেন।
কিন্তু কারিনার নিজের ব্যক্তিগত জীবন নিয়ে এত চুপ থাকার কারণ কী? তিনি কি কোনওভাবে বুঝেছিলেন তার ব্যক্তিগত জীবনের গল্পগুলো তার ক্যারিয়ারের ক্ষতি করতে পারে?
এই যেমন সন্তান সম্ভাবনার জন্য কাজ হাতছাড়া হল অভিনেত্রীর। রোহিত শেটির আগামী ছবি 'গোলমাল ৪'-এ কারিনাকে বাদ দিলেন পরিচালক। কারিনার সন্তান সম্ভাবনার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছেন রোহিত, এমনটাই জানিয়েছেন সংবাদমাধ্যমকে।
পরিচালক জানান, 'গোলমাল ২' এবং 'গোলমাল ৩'তে কারিনা অভিনয় করেছিলেন। তাকে ছবির প্রস্তাব দিতে পারলে ভালই হত। কিন্তু তার ব্যক্তিগত জীবনে এখন যেমন অবস্থা রয়েছে, তাতে তাকে ছবির জন্য প্রস্তাব দেওয়া উচিত হবে না।
শোনা যাচ্ছে, কারিনার পরিবর্তে দীপিকা পাডুকোনকে 'গোলমাল ৪'-এর জন্য প্রস্তাব দেওয়া হতে পারে।
তবে কি এবার নিজের ব্যক্তিগত জীবনের জন্য কারিনাকে টেক্কা দিলেন দীপিকা?
