কূটনীতিক সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে বাংলা রেডিও স্টেশন 'আকাশবাণী মৈত্রী' আনুষ্ঠানিকভাবে চালু করেছে ভারত সরকার। বাংলাদেশ ও ভারতের বাংলা ভাষাভাষীদের জন্য এই সম্প্রচার পরিসেবা চালু করেছে ভারতের সরকারি বেতার সংস্থা ‘অল ইন্ডিয়া রেডিও'।
আজ মঙ্গলবার কলকাতায় ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় রেডিও স্টেশনটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।
এ সময় তিনি বলেন, 'আকাশবাণী মৈত্রী বাংলাদেশ ও ভারতের মধ্যে যোগাযোগের গুরুত্বপূর্ণ একটি চ্যানেল হয়ে উঠবে।'
এর আগে ভারতের রাষ্ট্রায়ত্ত সংস্থা প্রসার-ভারতীর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জহর সরকার গত ৭ আগস্ট এক বিবৃতিতে জানান, ‘২৩ আগস্ট আকাশবাণী মৈত্রীর পথচলা শুরুর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ভারত ও বাংলাদেশ দুই দেশের কাছেই অত্যন্ত প্রিয় একজন মানুষ। তাই তার ভাষণের মধ্য দিয়েই আকাশবাণী মৈত্রীর উদ্বোধন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
IMG0
১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় অল ইন্ডিয়া রেডিও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। সরাসরি যুদ্ধে না থেকেও বাংলাদেশের লাখ লাখ মুক্তিযোদ্ধার মনোবল বাড়াতে সেই সময় সহায়তা করেছিল ভারতের এই সরকারি বেতার সংস্থাটি। সেই সময় থেকেই বাংলাদেশের মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে এই অল ইন্ডিয়া রেডিওর সম্প্রচার। কিন্তু ২০১০ সাল থেকে এই বেতার বার্তাটি বন্ধ হয়ে যায়। এরপর গত ২৮ জুন কলকাতার রবীন্দ্র সদন থেকে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনার কথা থাকলেও তা অনিবার্য কারণে বাতিল করা হয়।
জানা গেছে, নতুনভাবে সম্প্রচারে এসে এখন থেকে দিনে ১৬ ঘণ্টা পরিসেবা দেবে আকাশবাণী মৈত্রী। এজন্য কলকাতার কাছেই হুগলি জেলার চুঁচুড়াতে এক হাজার মেগাওয়াট সম্পন্ন ট্রান্সমিটার বসানো হয়েছে।
১৯৩০ সাল থেকে পথচলা শুরু করে এই অল ইন্ডিয়া রেডিও। এরপর সেটি ১৯৫৬ সালে আকাশবাণী নামে পরিচিতি পায়।
