অলিম্পিক থেকে ফিরেই ক্ষোভে ফেটে পড়লেন ম্যারাথনে অংশ নেয়া ভারতীয় নারী অ্যাথলেট ওপি জয়শা। ভারতীয় কর্মকর্তাদের বিরুদ্ধে তার অভিযোগ, দৌড়ের সময় তাকে প্রয়োজনীয় পানি ও এনার্জি ড্রিংক সরবরাহ করা হয়নি। এর ফলে তার মৃত্যু পর্যন্ত হতে পারত বলে আশঙ্কা প্রকাশ করেন এই খেলোয়াড়।
২ ঘণ্টা ৪৭ মিনিট ১৯ সেকেন্ডে ৮৯ তম অবস্থানে ম্যারাথন শেষ করেন ৩৩ বছর বয়সী জয়শা। ভারতে ফিরে তিনি বলেন, ওখানে খুব গরম ছিল। সকাল ৯ টার সময় দৌড়ের ইভেন্ট ছিল। প্রচণ্ড গরমে দৌড়াতে হয়েছে। আট কিলোমিটার যাওয়ার পর পানি পাওয়ার কথা জানান জয়শা।
সাংবাদিকদের জয়শা বলেন, 'ম্যারাথনে অংশ নেয়া প্রত্যেকের জন্য দুই কিলোমিটার পর পর পানির ব্যবস্থা করা হয়েছিল নিজ দেশের তরফ থেকে। কিন্তু ভারতের স্টলে না পানি ছিল না খাবার।'
ম্যারাথনের দৌড় শেষ করেই ফিনিশিং লাইনে এসে সংজ্ঞা হারিয়ে ফেলেন জয়সা। চিকিৎসার জন্য তাকে হাসপাতালেও নিয়ে যাওয়া হয়।-বিবিসি
ইত্তেফাক/এমএএস
