'বিশ্বের জন্য পাকিস্তান এক ক্যান্সার'

আপডেট : ২৪ আগস্ট ২০১৬, ১৪:২২
সন্ত্রাসবাদের কেন্দ্রস্থল হল পাকিস্তান। এখানে আরামে ঘাঁটি গেঁড়ে বসে রয়েছে বিশ্বের তাবড় তাবড় জঙ্গি নেতারা। পাকিস্তানের বিরুদ্ধে ভারতসহ আরও বেশ কিছু দেশের এমন অভিযোগ প্রায়শই শোনা যায়। কিন্তু এবার এই কথা বললেন পাকিস্তানেরই এক নেতা!
 
আলতাফ হোসেন নামের মুত্তাহিদা কাওমি মুভমেন্ট (এমকিউএম) এর এই নেতার বক্তব্য, 'সারা বিশ্বের মাথা ব্যথার কারণ হল পাকিস্তান। ক্যান্সারের মতই সবার কাছে পাকিস্তান যেন যন্ত্রণাদায়ক। তাই পাকিস্তান যেন সব সময়ই একা অন্যদের কাছে।
 
শুধু তাই নয়, আলতাফ হোসেনের বক্তব্যের মাঝে পাকিস্তান বিরোধী স্লোগান দেওয়া হয় বলেও জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
 
আলতাফ হোসেনের ওই মন্তব্যকে যথারীতি ভাল চোখে নেয়নি পাকিস্তান। দলের পক্ষ থেকে তাকে ধমক দেওয়া হয়। আর তারপরই নিজের বক্তব্য থেকে সরে আসেন ওই নেতা।
 
পাক সেনা প্রধান রাহিল শরিফের কাছেও ক্ষমা চাইতে হয় তাকে। যদিও, তাতে চিড়ে ভেজেনি। নিজের দেশ নিয়ে কোনও মন্তব্য করার আগে বিষয়টি নিয়ে ভাবা উচিত ছিল বলে জানিয়েছে তার দল।