এলএনজি টার্মিনাল স্থাপন প্রকল্পে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র: বার্নিকাট

আপডেট : ২৪ আগস্ট ২০১৬, ২০:৪২
 
তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আমদানির জন্য এলএনজি টার্মিনাল নির্মাণ প্রকল্পে মার্কিন যুক্তরাষ্ট্রের বিনিয়োগ আগ্রহের কথা জানিয়েছে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট। বুধবার পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সাথে পরিকল্পণা মন্ত্রণালয়ে সাক্ষাত্কালে তিনি এ আগ্রহের কথা উল্লেখ করেন।
 
এ বিষয়ে মন্ত্রী বলেন, উন্মুক্ত দরপত্রের মাধ্যমেই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার। সাক্ষাত্কালে তারা  পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।
 
মন্ত্রী বলেন, বাংলাদেশ মার্কিন বিনিয়োগকারীদের সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত। তিনি মার্কিনীদের এ দেশে বিনিয়োগের আহ্বান জানান। এ সময় রাষ্ট্রদূত বলেন, বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশ সব সময়ই আকর্ষণীয়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর আসন্ন সফরে দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হতে পারে বলেও জানান তিনি।
 
বার্নিকাট বলেন, আমি দীর্ঘ দিন ধরে এখানে কাজ করছি। আমার সহকর্মীরা বাংলাদেশ সম্পর্ক কেবল পড়ে বা আমাদের জানানো তথ্যে মাধ্যমে জানতে পারেন তাই আমি তাদের সবসময়ই বলি এখানে আসুন এবং বাংলাদেশ সম্পর্ক জানুন। বার্নিকাট বলেন, বাংলাদেশ “উইন উইন” পরিস্থিতি কেবল  বিনিয়োগ বাড়াতেই সাহায্য করবে না বরং শিক্ষা-স্বাস্থ্য ক্ষেত্রের অগ্রগতিকে বেগবান করতে সহায়ক হবে যা দেশের অগ্রগতিকে আরও সুদৃঢ় করবে।

ইত্তেফাক/এএম।