স্ত্রীসহ পুলিশ পরিদর্শকের বিরুদ্ধে দুদকের মামলা

আপডেট : ২৪ আগস্ট ২০১৬, ২১:২৭
নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করার অপরাধে চট্টগ্রাম রেঞ্জের পুলিশ পরিদর্শক সেলিম আহমেদ ও তার স্ত্রী পুষ্প সৌরভীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার রাতে রাতে রাজধানীর রমনা থানায় দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ সিরাজুল হক মামলাটি দায়ের করেন।
 
মামলা সূত্রে জানা গেছে, চলতি বছরের শুরুতে তাদের বিরুদ্ধে কোটি কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগ পায় দুদক। এর প্রেক্ষিতে দুদক অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়। অনুসন্ধানে পুলিশ পরিদর্শক সেলিম আহমেদ ও তার স্ত্রীর বিরুদ্ধে অবৈধ সম্পদের খোঁজ পাওয়া যায়। এজন্য কমিশন থেকে তাদের উভয়ের নামে সম্পদ বিবরণী নোটিশ পাঠায় দুদকের অনুসন্ধান কর্মকর্তা। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায় দুদক আসামিদের বিরুদ্ধে নন-সাবমিশন মামলা দায়ের করার সিদ্ধান্ত নেয়। অনুসন্ধান কর্মকর্তা দুদক আইন ২০০৪ এর ২৬ (২) ধারায় মামলা দুইটি দায়ের করে।