বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকরা পাবেন প্রণোদনা সহায়তা :কৃষিমন্ত্রী

আপডেট : ২৫ আগস্ট ২০১৬, ০১:৩৫
বন্যার কারণে পুনর্বাসন এবং উত্পাদন বৃদ্ধিতে প্রণোদনা হিসেবে ৪ লাখ ১৮ হাজার ৫১১ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে ৪২ কোটি ৯ লাখ টাকার ধানের চারা, সার ও বীজ সহায়তা দেবে সরকার।
 
কৃষিমন্ত্রী জানান, অতিবৃষ্টিজনিত বন্যার কারণে দেশের অধিক ক্ষতিগ্রস্ত ১৬ জেলায় পুনর্বাসন কর্মসূচিতে ১৭ হাজার ২১১ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে ৫৩ লাখ ৭৪ হাজার টাকার আমন ধানের চারা ও বীজ দেওয়া হবে। গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এ তথ্য জানান। এছাড়া চলতি অর্থবছরে ৬৪ জেলায় মাসকলাই, গম, ভুট্টা, সরিষা, চিনাবাদাম, ফেলন, খেসারি, বোরো ধান, মুগ, তিল উত্পাদন বৃদ্ধিতে ৪ লাখ এক হাজার ৩০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে প্রণোদনা হিসেবে ৪১ কোটি ৫৬ লাখ ৮ হাজার ৮০০ টাকার ধানের চারা, বীজ ও সার দেওয়া হবে। এ প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচিতে মঞ্জুরিকৃত অর্থ কৃষি মন্ত্রণালয়ের বাজেট বরাদ্দ থেকে বহন করা হবে। এ জন্য কোনো অতিরিক্ত অর্থ বরাদ্দের প্রয়োজন হবে না বলে জানান কৃষিমন্ত্রী ।
 
কৃষিমন্ত্রী বলেন, প্রতি বছরের মতো এবারও স্বল্প মেয়াদে পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, তিস্তা, সুরমা, কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পাওয়ার ফলে ১৬টি জেলায় বন্যার ফলে আমন বীজতলা, শাক-সবজি ও অন্যান্য ফসলসহ প্রায় ৭ লাখ ৫০ হাজার হেক্টর ফসলি জমি পানিতে নিমজ্জিত হয়। এতে এক লাখ ৫৮ হাজার হেক্টর জমির বিভিন্ন ফসল ক্ষতিগ্রস্ত হয়। মতিয়া চৌধুরী বলেন, পুনর্বাসন কর্মসূচির আওতায় ১৫ হাজার কৃষকের মাঝে শাক ও সবজি জাতীয় ফসলের বীজ বিনামূল্যে বিতরণ করা হবে। সংবাদ সম্মেলনে কৃষি সচিব মোহাম্মদ মঈনউদ্দীন আব্দুল্লাহ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ  হামিদুর রহমানসহ মন্ত্রণালয় ও অধীনস্ত সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
 

ইত্তেফাক/এএন