ইতালিতে হওয়া ৬.২ মাত্রার ভূমিকম্পে মারা গেছে ১৬০ জন। উদ্ধারকারী দলে এর মধ্যে উদ্ধার করেছে ৮ বছরের এক শিশুকে। সিএনএন এর একটি ভিডিওতে দেখা যায়, উদ্ধারকারী দল বেশ সাবধানতার সঙ্গে এক ধ্বংসস্তূপ থেকে মেয়ে শিশুটিকে উদ্ধার করে। কিন্তু শিশুটির সারা শরীরে ধূলা লেগে থাকায় তার শরীরে থাকা জামার রং স্পষ্ট বোঝা যায়নি।
সিএনএন জানায়, উদ্ধারকারী একটি দল এক ধ্বংসস্তূপ খোঁড়ার সময় একটি পা দেখতে পায়, পরে তারা সেখানে নড়াচড়া টের পেয়ে দ্রুততার সঙ্গে এবং যথেষ্ট সাবধান হয়ে খোঁড়া শুরু করেন। এ সময় তাদেরকে 'জুলিয়া' নামধরে চিৎকার করতে দেখা যায়। সে থেকে ধারণা করা হচ্ছে মেয়ে শিশুটির নাম জুলিয়া। তবে শিশুটি আহত হয়নি বলে জানিয়েছে বিবিসি।
এদিকে অপর এক উদ্ধারকারী দল আহত অবস্থায় উদ্ধার করেছে আরেকটি ছেলে শিশুকে। তবে এখনও তার কোন বিবরণ পাওয়া যায়নি।
উল্লেখ্য, বুধবার ৬.২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে ইতালিতে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৬০ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছি আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। মৃত্যুর পরিমাণ আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এখনও সেখানে চলছে উদ্ধার তৎপরতা। সিএনএন।
