সেলুলয়েড পর্দায় এবার বিবার

আপডেট : ২৫ আগস্ট ২০১৬, ১০:০৮
 
আমেরিকা কিংবা কানাডাতেই নয়, অন্য মহাদেশগুলোতেও সমান জনপ্রিয় জাস্টিন বিবারের গানগুলো। বর্তমানে জাস্টিন বিবারের বয়স মাত্র ২১! তার বয়স শুনে যারা ভ্রু কুঞ্চিত করে ফেলেছেন তাদের শুধু এইটুকু জানলেই হবে যে, ২০১০ সালে সঙ্গীতের অস্কার খ্যাত গ্র্যামি অ্যাওয়ার্ডের দুটি বিভাগে জাস্টিন বিবার মনোনয়ন পেয়েছিলেন।
 
অথচ জাস্টিন বিবারের আন্তর্জাতিক সঙ্গীতের ব্যাপ্তিকাল মাত্র ৬ বছর। এই অল্প সময়েই তিনি করেছেন ডজনখানেকেরও বেশি অ্যাওয়ার্ড। আর কানাডিয়ান পপ তারকা জাস্টিন বিবার এবার নতুন পরিচয়ে হাজির হবেন দর্শকের সামনে।
 
গায়ক থেকে নায়ক হতে যাচ্ছেন নিজের ক্যারিয়ারে। সম্প্রতি হলিউডের সিনেমায় অভিনয়ের জন্য কথাবার্তা চূড়ান্ত করেছেন বিবার। বিখ্যাত তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে খেলোয়াড় হিসেবে পর্দায় আসবেন তিনি। এই সিনেমায় ২২ বছর বয়সী বিবারকে একজন উঠতি খেলোয়াড় হিসেবে দেখানো হবে।
 
বিদেশি গণমাধ্যম মিররের সূত্র অনুযায়ী, রাতারাতি খ্যাতি পেয়ে তারকা বনে যাওয়া খেলোয়াড়ের বেশে পর্দায় দেখানো হবে এই সঙ্গীতশিল্পীকে। পাশাপাশি ৩১ বছর বয়সী ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো এই ছবিটিতে ক্যামিও ভূমিকায় হাজির হবেন বলে নির্মাতা সূত্রে জানা গেছে। ২০১৭ সালের মার্চ থেকে ছবিটির শুটিং শুরু করার কথা ভাবছেন নির্মাতারা।
 
বিবারের ‘পারপাস’ ট্যুর শেষ হলেই নতুন কাজে হাত দেবেন পপ তারকা। একটি সূত্র জানায়, ছবিটির প্রি-প্রোডাকশনের কাজ চলছে বর্তমানে। আগামী সপ্তাহে এই ছবিতে চুক্তিবদ্ধ হবেন বিবার। এখনো নাম না ঠিক হওয়া চলচ্চিত্রটি বিবার ও ক্রিস্টিয়ানো রোনালদো দু’জনের ভক্তদের জন্য বিশেষ উপহার।